মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. এনায়েত হোসেন (শিশু মিয়া)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুর রহমান (সজিব)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইয়াছিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. রমজান মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো. তৌফিক ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদল নেতা সালমান ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাউছার, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী জুনায়েদ হোসেন (সোহাগ)।
দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আবুল খায়ের।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সামছুর রহমান বলেন, দীর্ঘ জেল-জুলুম সহ্য করেও আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইয়াছিন বাবু বলেন, অতীতে ভোটাধিকার হরণ করা হয়েছে। অনেক সময় ভোটকেন্দ্রে গিয়ে মানুষ দেখেছে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এমনকি মৃত ব্যক্তি বা প্রবাসে থাকা মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। এখন আর সেই পরিস্থিতি নেই। জনগণ নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হবে এবং স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বেই নির্বাচনী কার্যক্রম গতিশীল করা হবে, ইনশাআল্লাহ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামকে শক্তিতে পরিণত করে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে এবং দেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করবে।