ভূয়া র‌্যাব পরিচয়ে সরকারী কাজে বাধাদানকালে নকল ওয়াকিটকিসহ ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 14 February 2026, 114 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভূয়া র‌্যাব পরিচয়ে সরকারী কাজে বাধাদানকালে নকল ওয়াকিটকিসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকায় গত ১৩ ফেব্রুয়ারী আনুমানিক বিকাল ১৭.৫০ ঘটিকার সময় গোপন সূত্রের ভিত্তিতে কাঁচা রাস্তার উপর একজন ব্যক্তি র‌্যাব পরিচয়ে বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। সংবাদ পেয়ে র‌্যাবের একজন গোয়েন্দা সদস্য সাদা পোষাকে ঘটনাস্থলে গিয়ে ওয়াকিটকি সেট সঙ্গে থাকা একজন ব্যক্তির পরিচয় জানতে চাইলে। সে নিজেকে র‌্যাবের সদস্য বলে পরিচয় দেয়। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা সদস্য তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি এবং কোথায় কর্মরত আছে তা জানতে চাইলে, তখন সে চিৎকার চেঁচামেচি করে আতংক সৃষ্টি করে র‌্যাবের গোয়েন্দা সদস্যকে হুমকি প্রদান করে। তখনই র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে একটি
ওয়াকিটকি সদৃশ ইলেক্ট্রনিক ডিভাইসসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ মিঠুন মিয়া (৩০), পিতামৃত আব্দু মিয়া, সোহাগপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
এসময় তার নিকট থেকে ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূয়া সরকারী কর্মচারী (পুলিশ-র‌্যাব) পরিচয় দিয়ে অসৎ উদ্দেশ্যে উল্লেখিত আলামত ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধ কর্ম করে জীবিকা নির্বাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।