ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামী চাঁন মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 8 October 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, মাদকসংক্রান্ত অপরাধ, পুলিশকে মারধর, ছিনতাই ও সংঘর্ষের ঘটনাসহ মোট ১৮ মামলার আসামী চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত চাঁন মিয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ জনগনের মাখে মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চাঁন মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশ সদস্যদের ওপর হামলা, মাদক ব্যবসা, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এসব মামলায় পলাতক থাকার পর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।এছাড়া তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর ছিল বলে জানা যায় ।
পুলিশের ভাষ্যমতে, চাঁন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ যে কোন অপরাধ নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।