কসবা রেলওয়ে স্টেশন মাস্টারের উপর অতর্কিত আক্রমণ, আটক-১

ব্রাহ্মণবাড়িয়া, 21 June 2026, 1 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হামলাকারীকে আটক করেছে।

রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

আটককৃত যুবক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭১১ আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক ব্যক্তির কাছ থেকে কে বা কারা ১০০ টাকা নেয়। টাকা নেওয়ার বিষয়ে স্থানীয় যুবক সুমন ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট করে বলে স্টেশন মাস্টার জানান।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, আক্রমণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করতে সমর্থ হন। স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ হামলার কারণ তদন্তে রেলওয়ে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।