কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া, 14 June 2026, 2 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি তার একটি লাগেজ সেখানে ফেলে আসেন। পরে লাগেজটি ফেরত আনার বিষয়ে গত বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।
এ সময় লাগেজ হারানোর দায় হজযাত্রীর নিজস্ব দায়িত্ব বলে জানায় হজ এজেন্সি কর্তৃপক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “হজযাত্রীর একটি লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”