ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি হাসপাতালসমূহের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের দালালচক্র নির্মূল এবং রোগীদের হয়রানি বন্ধের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আয়োজিত এ সভায় স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ভবিষ্যতেও কোনো হাসপাতাল, দালালচক্র বা চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি কিংবা রোগী হয়রানির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি জনস্বার্থে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী সদর হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও বেসরকারি ক্লিনিকগুলোর নানা অনিয়ম তুলে ধরেন। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় দালালচক্র সাধারণ রোগীদের জিম্মি করে রেখেছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে প্রবেশের পরই এসব দালালদের খপ্পরে পড়েন। পরীক্ষা-নিরীক্ষা করানো, ক্লিনিকে স্থানান্তর কিংবা নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কেনার বিষয়ে অযাচিত প্রভাব বিস্তার করা হয়, যার ফলে সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন।”
তিনি আরও যোগ করেন, “কিছু প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, চিকিৎসাসেবায় অস্বচ্ছতা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ জবাবদিহিতার অভাব নিয়ে জনমনে তীব্র অসন্তোষ রয়েছে। স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা অটুট রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তাই এসব অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাবের হোসাইন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, ইয়াছিন আরাফাত সিরাজী, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, তাসলিমা ইসলাম, ঔরণী ইসলামসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সভায় বক্তারা একমত পোষণ করেন যে, সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ ও রোগীবান্ধব করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।