নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, কৃতি ফুটবলার ও দক্ষ ক্রীড়া সংগঠক শাহীন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র রমজান মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে জেলার ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মোরাইলের এক ফুটবল অনুরাগী পরিবারে শাহীন মোল্লার জন্ম। তাঁর পিতা বেলায়েতুল্লাহ মোল্লা নিজেও ছিলেন একজন কৃতি ফুটবলার। মূলত বাবা ও চাচার অনুপ্রেরণাতেই শৈশব থেকে ফুটবলের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। নিজের মেধা ও পরিশ্রমের জোরে তিনি পরবর্তী সময়ে একজন দক্ষ আন্তঃজেলা ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান-এর হয়েও বিভিন্ন সময়ে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি খেলাধুলার প্রসারে নিজেকে উৎসর্গ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন-এর অত্যন্ত সম্মানিত সদস্য ছিলেন। তাঁর হাত ধরে জেলায় বহু দক্ষ ফুটবল রেফারি তৈরি হয়েছে। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে মাঠের পরিচালক—উভয় ভূমিকাতেই তিনি ছিলেন সফল ও অনুকরণীয়।
ব্যক্তিজীবনে শাহীন মোল্লা ছিলেন অত্যন্ত সাদা মনের এবং সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। খেলাধুলাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর অমায়িক ব্যবহার ও ক্রীড়াঙ্গনে নিঃস্বার্থ অবদান তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে।
তার মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।