শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম এক বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা বিদেশী ব্র্যান্ডের ৩০ (ত্রিশ) কার্টুন বিদেশি সিগারেটসহ মজিবুর রহমান নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটককৃত মজিবুর রহমান চট্রগ্রাম জেলার সাতকানিয়ার থানার দক্ষিন রুপকানিয়া গ্রামের নুর আহমদের ছেলে। জেলা পুলিশের মিডিয়া উইংসের দেয়া তথ্য মতে, সোমবার ২৭ জুলাই সকাল ১০ঃ৫৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিমটি গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার বাসুদেব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোড্ডা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা বিদেশী ব্র্যান্ডের সিগারেটের কার্টুনসহ চোরাকারবারিকে আটক করে এবং আটককৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানায়, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ-সংক্রান্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।