কসবা উত্তরণ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 3 February 2026, 66 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,কসবা : কসবা পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরণ ফাউন্ডেশন পরিচালিত উত্তরণ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ৩ফেব্রুয়ারি মঙ্গলবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানমালার সমাপনী দিবসে স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: তসলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া বহুমুখী কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো: কামাল উদ্দিন, দেবিদ্বার সৈয়দপুর কামিল মাদরাসার সাবেক প্রভাষক মাওলানা মো: তাজুল ইসলাম।

সমাপনী দিবসে সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্সিপাল মো: তসলিম মিয়া বলেন; লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন বলেন; আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা প্রস্ফুটিত হয়। স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ‘যেমন খুশি তেমন সাজো’সহ মোট ৩০ টি ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, পুতুল অভিনয় ও ক্ষুদ্র নাটিকা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
অবশেষে মেধাবী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।