শেখ ফাহিম ফয়সাল : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও হিফয সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদে এই মাহফিল শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
আড়াইবাড়ী সাইয়্যেদা সুরাইয়া হাফেজী ও নূরানী মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম পীর সাহেবের বড় ছেলে হযরত মাওলানা হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী।
মাহফিলে দেশবরেণ্য শত শত আলেম, হাফেজ, বিভিন্ন মাদরাসার মুহতামিম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর কর্মময় জীবনে ইসলাম প্রচার ও প্রসারে তাঁর বলিষ্ঠ ভূমিকা, দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তারে অবদান এবং আড়াইবাড়ী দরবারের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় তাঁর অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল হিফয সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান। আড়াইবাড়ী সাইয়্যেদা সুরাইয়া হাফেজী ও নূরানী মাদরাসা থেকে পবিত্র কোরআনের হিফয সম্পন্নকারী ২৩ জন শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি হাফেজদের অভিভাবকদেরও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এএসএম আতহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ডা. মহিউদ্দিন ওসমানী, প্রিন্সিপাল ড. হিফজুর রহমান, প্রিন্সিপাল আলাউদ্দিন সরকার, প্রিন্সিপাল মুফতি মো. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল আবু ইউসুফ, সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুল হান্নান মাস্টার ও সাবেক কাউন্সিলর আবু ছায়েদ প্রমুখ।
এছাড়াও মাদরাসার মুহতামিম ও পরিচালক মাওলানা মাজহারুল ইসলাম সোহেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পীর সাহেবের ভক্ত-মুরিদান ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ মাহফিলে অংশ নেন।
আলোচনা শেষে মরহুম আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মুহতারাম আলহাজ্ব মো. গোলাম কবীর সাঈদী।
উল্লেখ্য, মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.) ছিলেন আড়াইবাড়ী দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (রহ.)-এর পৌত্র এবং হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী (রহ.)-এর তৃতীয় পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই মহান আলেমের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৪ সালে আড়াইবাড়ী মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে। তিনি ২০২০ সালের ২১ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।