মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে হুজাইফা ও আকরাম নামের ২০ মাস বয়সী দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আক্তার ও জুবায়েদ ওই গ্রামের মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে। দুই শিশুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের খেলার বল পাশের পুকুরে পড়ে যায়। বলটি আনতে গিয়ে তারা পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়। তাদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে দুই শিশুর বল পুকুরে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।