অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপারেশন ডেভিল হান্ট এর আওতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস চৌধুরীর পুত্র মো. সায়মন চৌধুরী (৩১) এবং মুলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র মো. আজমীর হক (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. সায়মন চৌধুরী কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আজমীর হক চারগাছ এন,আই ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট এর তালিকাভুক্তদের গ্রেফতারে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে কসবা নতুন বাজার এলাকা থেকে সায়মন চৌধুরীকে এবং কসবা টি. আলী বাড়ি মোড় এলাকা থেকে আজমীর হককে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গত ৫ আগস্টের পর দায়ের করা একটি মামলায় তাদের আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেফতারকৃত দু’জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে ৫ আগস্টে দায়ের করা মামলা রয়েছে। দু’জনই ওই মামলার আসামি। মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।