কসবায় দুই গ্রামবাসীর মাঝে ভয়াবহ সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে দূ’পক্ষ মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া, 8 July 2026, 52 বার পড়া হয়েছে,

কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের পার্শ্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবসসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আশপাশের গ্রামের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন পূর্বে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত রিকশাচালক ও ইজিবাইক চালকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জেরে সোমবার বিকেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম, অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ পুলিশসহ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।