কসবায় এমপি মুশফিকুর রহমানের পক্ষ থেকে ৭৪১ মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 17 March 2026, 76 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৭৪১টি মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়।

রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, মহিলা দলের সভানেত্রী লুৎফুন্নাহার রীনা এবং কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন।

এ সময় বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত রাখতে মসজিদের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামগণ মানুষের নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সম্মান জানাতে এবং পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে আলেম-ওলামা ও ইমামগণের ভূমিকা অপরিসীম। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

ঈদ উপহার পেয়ে তাঁরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মুয়াজ্জিন ও খাদেমদেরকেও এর আওতায় আনার দাবি জানান।