এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই – রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া, 13 January 2026, 153 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করবে।’
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘ সরকারি বিভিন্ন উন্নয়নকাজে মুশকিল হচ্ছে এমপি রাখেন ৫০ ভাগ। এমপি সাহেবের চামচারা রাখে আরো ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান। এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই।’
তিনি বলেন, এমপি হলে নিজ এলাকার হাসপাতালে আমি চিকিৎসা নিয়ে দেখব কোন বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকেন না। ওষুধ কেমনে পাওয়া যায় না।
রুমিন ফারহানা আরো বলেন, ‘আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।’
মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে স্থানীয় প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে এমপি নির্বাচিত করলে এসব উন্নয়ন কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসব না।