কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 17 October 2026, 4 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোস্তাকিম উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর পশ্চিমপাড়া এলাকার জনি মিয়া ও আছমা বেগমের ছেলে। সে নয়নপুর গ্রামের আবদুল গনি দ্বীনিয়া মাদ্রাসা ও হিফজখানায় পড়াশোনা করত।

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার পর দুপুর ১২টার মধ্যে মাদরাসার পশ্চিম পাশের পুকুরে গোসল করতে যায় মোস্তাকিম। এ সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে মাদরাসার অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা খোঁজাখুঁজি করে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।

পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মোস্তাকিমের বাড়িতে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।