ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া, 16 September 2026, 4 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গিবাদ, ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং ইঞ্জিন ও ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সিলেট রেলওয়ে জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে থানা, আখাউড়ার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) শাহ্ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী ও সংগঠনটির সাবেক আহবায়ক মোহাম্মদ সাবের হোসাইন।

বক্তারা রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, অপ্রয়োজনে চেইন পুলিং এবং ট্রেনের ইঞ্জিন ও ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য যাত্রী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় সচেতন নাগরিক, রেলযাত্রী এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে স্টেশন ও ট্রেনে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে সমাবেশে উল্লেখ করা হয়।