অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা : জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার উদ্যোগে বিদায় ও বরণ অনুষ্ঠান শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ বিকেলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম, কসবার উপদেষ্টা এস এম কামরুজ্জামান শিবলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখায় নবযোগদানকৃত সিনিয়র অফিসার মো: জাহিদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। অপরদিকে সদ্য বিদায়ী কর্মকর্তা মো: তানভীর আলমকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
ব্যাংক কর্মকর্তাগণ অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরণের আয়োজন সহকর্মীদের মধ্যে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করার পাশাপাশি নবীন কর্মকর্তাকে আন্তরিকতার সাথে স্বাগত জানান ব্যাংক কর্তৃপক্ষ।