মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি কলেজের প্রধান ফটকে এসে শেষ হলে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়)।
বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা আদালত ও কারাগারের বারান্দায় সময় কাটিয়েছি। হঠাৎ ৫ আগস্টের পর কিছু ফ্যাসিবাদী লোকজন সক্রিয় হতে দেখা যাচ্ছে।
আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনে থেকে কাজ করি, আড়ালে নয়। গুপ্ত রাজনীতি পরিহার করে প্রকাশ্যে আসার আহ্বান জানাচ্ছি। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মী রাকিবুল ইসলাম, শেখ জনি, শেখ আরাফাত, ছুহুল আফজাল, তারিফ ইসলাম, শেখ তায়িফ ও ইফতিয়াজ শুভসহ অন্য নেতাকর্মীরা।