মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ শুরু করাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আরিফুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাঁর বাবা বাড়ি নির্মাণের সময় নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি করেছেন। কিন্তু প্রতিপক্ষ বাহাদুল্লাহর লোকজন কোনো নির্ধারিত জায়গা না ছেড়েই ভবনের নির্মাণকাজ শুরু করেন। এতে তারা বাধা দিলে গত ১৭ ডিসেম্বর প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও জানান, সোমবার পুনরায় নির্মাণকাজ শুরু করলে তারা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।