শেখ মো: কামাল উদ্দিন, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬শ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল উফশী রোপা আমন ধান, মরিচের বীজ, বিভিন্ন শাকসব্জির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বৃক্ষ ও লেবুর চারা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং বৃক্ষরোপণের জন্য ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়। পাশাপাশি লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কলমি শাক, শশা, বেগুন ও পুঁইশাকের বীজও প্রদান করা হয়।
কসবা উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা কৃষকদল সভাপতি মো. শাম মিয়া, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপি সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা মাওলানা শিবলী নোমানী, বিএনপি নেতা বাদল আহমেদ ও ছাত্রদল নেতা রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন; উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে পাওয়া সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ গ্রহণের ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য গ্রহণ করে অনিয়ম করা হলে কিংবা এসব উপকরণ বিক্রির অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ সঠিক ও যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।
তিনি বলেন; এই প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।