অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে আইন পরিবর্তন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কসবা-আখাউড়া এলাকার সংসদ সদস্য মুশফিকুর রহমান।
শনিবার (২০ জুন) উপজেলার শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে সাইন্স ল্যাব উদ্বোধন শেষে সাংবাকিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও পরের দিনই ছাড়া পেয়ে যায়। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদকের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন সংশোধন করে এমন আইন করা হবে যাতে মাদক ব্যবসায়ীরা শিক্ষা পায় এবং মাদক ব্যবসা ছেড়ে দেয়।
তিনি বলেন, নারী ও শিশু ধর্ষণে দোষীদের যেভাবে যাবজ্জীবন নতুবা ফাঁসি হচ্ছে। এখানে মাদকের বিরুদ্ধেও কঠোর আইনের ব্যবস্থা করা হবে। এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনই মাদক বন্ধ করুন, না হয় এলাকার ছেলে-মেয়েরা নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়েদের পড়াশুনা না হলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেনা। বাবা মাদক ব্যবসায়ী হলে সন্তানদের ভাল বিয়ে সাদী হবেনা। সুতরাং এলাকায় মাদক ব্যবসায় যারা জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না।
শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে সাইন্স ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মুশফিকুর রহমানের বড় মেয়ে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যার মেহভীন রহমান মুনিয়া, মেয়ে জামাতা আশফাক জামিল রহমান, কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, জেলা বিএনপি সহসভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আজম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন; উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।