শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে ভারত থেকে নেমে আসা তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ডাইভারশনটি ভেঙ্গে কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উভয় উপজেলার হাজারো নারী-পুরুষ।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামে একটি সেতু নির্মাণাধীন থাকায় যান চলাচল অব্যাহত রাখতে পাশেই একটি ডাইভারশন সড়ক নির্মাণ করা হয়। গত বুধবার (৩০ এপ্রিল) রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ডাইভারশনটি ভেঙ্গে পড়ে। এমতবস্থায় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তি দূরীকরণে দ্রুত ডাইভারশনটি মেরামত করার জন্য এলাকাবাসী জোর দাবী জানান।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে ডাইভারশনটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসন অবগত আছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।