ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯, পিবিআই ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর ৬ বছরের শিশু নিশাত হত্যা মামলার প্রধান আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া, পিবিআই ও জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ অভিযানে নিশাত হত্যাকান্ডের প্রধান আসামি- মোঃ ইছা মিয়া (২৫), পিতা- মৃত: জারু মিয়া, উত্তর পাড়া, ব্রাহ্মণবাড়িয়াকে গত ১৮ এপ্রিল জিজ্ঞাসাবাদকালীন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইছা মিয়া পেশায় একজন অটোরিকশা চালক। ইছা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায়স্বীকার করে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর জবানবন্দি প্রদান করেছে। আসামির ভাষ্যমতে, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ির নিকটস্থ স্কুল মাঠ থেকে সে ভিকটিমকে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে রসুলপুর পার্কে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর রাত ২২:০০ ঘটিকার সময় সে ভিকটিমকে তার নিজ বসতবাড়িতে নিয়ে আসে এবং ঘরে আটকে রেখে ভিকটিমকে শ্রীলতাহানি করে। একপর্যায়ে ভিকটিম কান্নাকাটি শুরু করলে এবং বিষয়টি সবাইকে বলে দেওয়ার হুমকি দিলে আসামী আতঙ্কিত হয়ে পড়েন। অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আসামি একটি গেঞ্জি দিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে এবং প্রায় ২০ মিনিট গলা টিপে ধরে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে।
হত্যাকান্ডের পর লাশটি একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরে নিজের ঘরে লুকিয়ে রাখে এবং ১৭ এপ্রিল ভোররাত অনুমান ৩:০০ ঘটিকার সময় সুযোগ বুঝে পাশের বিলের পরিত্যক্ত জমিতে ফেলে দিয়ে আসে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।