শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই,ডাকাতি,অস্ত্র,মাদকসহ ৩৮ মামলার আসামি রাসেলকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রাসেল জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,বৃহস্পতিবার (২৭ আগস্ট)দুপুর ১২ঃ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকায় ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মামলাগুলোর মধ্যে তার বিরুদ্ধে ডাকাতি মামলা ৭টি, দস্যুতা মামলা ৭টি, ডাকাতির প্রস্তুতি মামলা ৯টি, বিস্ফোরক আইনে মামলা ৫টি, মাদক মামলা ৪টি, অস্ত্র মামলা ৩টি, চুরি মামলা ২টি ও ০১টি হত্যা মামলা রয়েছে। পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামি রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । এছাড়াও অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।