নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের বিয়াদে স্বপন মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদিতে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান।
নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, স্বপন বেশ আন্তরিক মানুষ ছিল। এবারের ঈদে স্বপনের দেশে আসার কথা ছিল। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। স্বপনের লাশ দেশে আনার বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করেন তিনি।