শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ মোঃ আলমগীর মিয়া (৩৩), মোঃ ইয়াকুব আলী (৩৮), মোঃ আলমগীর (৩৮) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল ৬ টা থেকে শুরু করে সকাল ৮ টা পর্যন্ত দুটি পৃথক অভিযানে উল্লেখিত মাদক ও মাদক পরিবহনে ব্যবহৃত যান সহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের মিডিয়া উইংসের দেওয়া তথ্য মতে, প্রথম অভিযানে সকাল ০৬ঃ৪৫ মিনিটের দিকে থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর এক অভিযানে সকাল ০৭.৫৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশী করে তাদের হেফাজত থেকে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান,মাদক কারবারিদের বিরুদ্ধে এ- সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করে আইন আনুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।