ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 26 September 2026, 16 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দৌড়কে জীবনের অনুষঙ্গ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম ও সর্ববৃহৎ রানিং সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি)’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকালে এক বর্ণাঢ্য ৫ কিলোমিটার ‘ফান রান’ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনটির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অসামান্য সহযোগিতায় বিআরসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সংগঠনটির পথচলায় অন্যতম মূল ভূমিকা পালন করেন বিআরসির প্রাণভোমরা ও উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার খান, বর্তমানে বহুল পরিচিত মুখ ও ‘আইরনম্যান’ প্রভাষক রাজন মিয়া এবং অলি আহাদ রতন। তাঁদের দীর্ঘদিনের অক্লান্ত শ্রম, সময় ও মেধার পাশাপাশি রানার কাজী টুটুলসহ আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় আজ বিআরসি একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে।

​বিআরসি এ পর্যন্ত ১টি ৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সহ ছোট-বড় মোট ১০টি সফল ইভেন্ট আয়োজন করেছে। হাজার হাজার নতুন রানার তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি জেলাজুড়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ায় আজ উপজেলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও নতুন নতুন রানার্স কমিউনিটি গড়ে উঠছে। সংগঠনটির মূল স্লোগান—“Run to earn life: জীবনের জন্য দৌড় এবং জীবনকে উপভোগ করার জন্য দৌড়।”

​আজকের ৫ কিলোমিটার ফান রানে জেলার সর্বস্তরের প্রায় ১০০ জনেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন নারী, পুরুষ, শিশু এবং ৫০ উর্ধ্ব বয়সের জ্যেষ্ঠ দৌড়বিদগণ।

​দৌড় শেষে আয়োজিত সমাপনী পর্বে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বিআরসির প্রতিষ্ঠাতা এডমিন ও উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার খান, ‘সকালের তিতাস’-এর কোচ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ এবং ‘সকালের তিতাস’-এর অধিনায়ক সাবেক ভিপি জহিরুল হক জহির। এ সময় বিআরসির আয়োজক ও এডমিন কে এম শাহরিয়ার, টুটুল মিল্টন সাহা, বীর কুমার চৌধুরী এবং রেস ডিরেক্টর ও এডমিন অলি আহাদ রতন উপস্থিত ছিলেন।

​এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রানিং কমিউনিটি গড়ে তুলে সর্বসাধারণকে স্বাস্থ্য সচেতন করতে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানে কয়েকটি উদীয়মান রানার্স কমিউনিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​দেশ-বিদেশে শুভাকাঙ্ক্ষী অর্জনকারী এই ঐতিহ্যবাহী সংগঠনটি আজ সফলভাবে ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো। এ শুভলগ্নে সংগঠনের পক্ষ থেকে বার্তা প্রেরক ও এডমিন অলি আহাদ রতন জানান, বিআরসির এই দীর্ঘ পথচলায় যুক্ত থাকা সকল রানার্স, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্পন্সর এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে, প্রতিটি ইভেন্ট সফল করতে দিনরাত পরিশ্রম করা স্বেচ্ছাসেবকদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বিআরসির আগামী দিনগুলোর অগ্রযাত্রায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।