অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে চার দোকান ভষ্মিভূত ও ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় আরও ১১/১২ টি দোকান।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতে কসবা উপজেলার পৌর সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় সোয়া ২ কোটি টাকার অধিক মূল্যের বিক্রয়যোগ্য মালামাল ও সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবী ব্যবসায়ীদের। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ার রক্ষা পেলো ৩ তলা মিলে প্রায় তিন শতাধিক বিভিন্ন পণ্যের দোকান-পাট। এ ঘটনা স্থানীয় ও ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত ব্যবসায়ী জামিল আহমেদ (৩৫)কে রাতেই কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী গোলাম সামদানী জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে রাতে সবাই বাড়ি চলে যায়। আনুমানিক রাত ১১ টার দিকে কসবা পুরাতন বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিউ ভূইয়া খেলাঘর নামে এক দোকানের ভেতর আগুনের সুত্রপাত হয়। ওই দোকানে আগুন লাগার পর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। টের পেয়ে পৌর সুপার মার্কেটে দায়িত্বরত পাহাড়াদার দোকানীদের ফোন করে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে মুঠোফোনে ফায়ার সার্ভিসকে অবহিত করলে প্রথমে উপজেলার কুটি চৌমুহনীতে অবস্থিত ফায়ার সার্ভিস দ্রুততম সময়ে ঘটনাস্থলে চলে আসে। তখন দোকানের সাটারের ভেতরে আগুন জ্বলছিল। অতিরিক্ত ধো.য়ার কারণে কাজে বিঘ্ন ঘটে। ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়। ততক্ষণে মুহুরি খেলাঘর, নিউ ভূইয়া খেলাঘরসহ ৪টি দোকান পুড়ে যায়। আগুনের তাপে আশপাশের আরও প্রায় ১১/১২টি দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। রোববার দুপুরে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করেন কসবা পৌরসভার লোকজন। এতে প্রায় সোয়া কোটি টাকার অধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম ও কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস লিডার মো: মাকসুদ ভূইয়া বলেন, ঘটনাস্থলে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিলো না। এতে কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। আমার দুই কর্মী আহত হয়েছে । তারা চিকিৎসাধীন রয়েছেন। মার্কেটে অগ্নিনির্বাপন ব্যবস্থা অনেক দুর্বল। অক্সিজেন জমাট হয়ে থাকার কারণে অতিরিক্ত ধোঁয়া জমাট বেধে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, পৌর সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।