সুমন স্মৃতি টুর্নামেন্ট শুরুতেই গোলবৃষ্টি, উল্লাসে মাতল নবীনগর

ব্রাহ্মণবাড়িয়া, 20 June 2026, 2 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে শুক্রবার (১৯ জুন) দুপুরের পর থেকেই মাঠজুড়ে ফুটবলপ্রেমীদের ঢল নামে। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন একটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করতে।

বিকেল সাড়ে ৪টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রতিটি আক্রমণ আর গোলের সুযোগে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

টুর্নামেন্টের উদ্যোক্তা মায়ের ডাকের আন্তর্জাতিক সমন্বয়ক ও কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন ইসলাম এবং প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর সার্বিক সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আতিকুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল হক শামীম ও ক্যাশিয়ার আজিজুল হক আশিকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বিটঘর মহেশ চন্দ্র ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।

খেলার ফলাফলে রতনপুর ফুটবল একাদশ দাপুটে নৈপুণ্য দেখিয়ে নবীনগর পূর্বাঞ্চল ব্রাদার্স কিং ফুটবল একাদশকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।