ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভোরের সাথী’র উদ্যোগে ১৫০০ সুবিধা বঞ্চিতের মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 5 March 2026, 99 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চাল এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে  শহরের লোকনাথ দিঘির পাড়স্থ ভোরের সাথী চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আতিকুল হক আতিকের আহ্বানে ও ভোরের সাথীর সকল নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ সুবিধা বঞ্চিত নারী ও পুরুষের হাতে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামগ্রী বিতরণের পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হকসহ সংগঠনের প্রয়াত সকল সদস্যের রূহের মাগফিরাত এবং জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিত মানুষেরা ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।