আপনারা ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন – রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া, 28 January 2026, 131 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জে এক নির্বাচনী জনসভায় বলেছেন, আপনারা (উপস্থিতি) ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন। আপনাদের ভোট হেফাজতে আছে কি – না খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন দেখতে না পারে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদেরকে প্রতিহত করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা তিনি বলেন।
এ সময় তিনি হাঁস প্রতীকে ভোট চেয়ে বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে, সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক।
টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে অন্য কোথাও ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার একটা ভোট অনেক মূল্যবান।
আপনার ভোট আপনার, আপনার সন্তানের, এলাকার ভবিষ্যৎ। আর যদি কেউ ভোট কিনতে চায়। তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নেই।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে। টাকা দিলে মামলা উঠিয়ে নেবেন বলছে। টাকা না দিলে মামলায় নাম দেবেনও বলছে। আপনারা কি আবারও এই অপশাসন চান।
রুমিন বলেন, আমি কিন্তু কারো ওপর কোনো জুলুম করিনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।