মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘ভুট্টু’কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ সাবের হোসেন (২৪) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা এলাকার বাসিন্দা। বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চোরাইভাবে রেলের টিকেট বিক্রি করলে ভিকটিম বিভিন্ন সময় বিবাদীদের এরূপ আইন বিরোধী কাজে বাঁধা প্রদান করার কারণে বিবাদীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ১৩ জানুয়ারি আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় ভিকটিম সংবাদ পায় যে, বিবাদীগণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে অবৈধভাবে ট্রেনের টিকেট কালোবাজারিতে বিক্রি করছে।
সংবাদ পেয়ে ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে ২নং বিবাদী খাইরুলকে প্রকাশ্যে অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রির কাজে বাঁধা প্রদান করলে সকল বিবাদীগণ বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ১নং বিবাদী জমশেদ খন্দকার ওরফে ভুট্টোর হুকুমে ভিকটিমকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মারাত্মক কাটা জখম করে। পরবর্তীতে রেলওয়ে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রী ও দোকানিরা এগিয়ে আসলে বিবাদীগণ ভিকটিমকে প্রাণে মারার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ২১ জানুয়ারি আনুমানিক বিকাল ১৭.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের উত্তর মোড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানার মামলা নং-০৭, ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারিতে বিক্রিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – জমশেদ খন্দকার ওরফে ভুট্টো (৪৮), পিতা- মৃতঃ এম,এ,রহিম খন্দকার, উত্তর মোড়াইল, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা
হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।