নবীনগরে মোটরসাইকেল ধাক্কায় কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 13 November 2026, 7 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া গতিতে ছুটে আসা এক মোটরসাইকেলের ধ্যক্কায় সোমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে নবীনগর সদরে বাসটেন্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার রুয়াচালা গ্রামের আমির হোসেনের মেয়ে। তবে তিনি নবীনগরে রসুল্লাবাদ গ্রামে এক নিকট আত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই কলেজে আসা-যাওয়া করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রসূলুল্লাবাদ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে কলেজে যাচ্ছিলেন সুমাইয়া। অটোরিকশাটি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বেপরোয়া মটরসাইকেল এসে অটোরিকশটিকে সজোরে ধাক্কা দেয় এতে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পরে যান সুমাইয়া। পরে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে সুমাইয়া গুরুতর আহত হন। পরে  স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কলেজছাত্রীর এমন অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারসহ বন্ধুবান্ধব ও শিক্ষাঙ্গনের সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।