শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে মানছুরুল হক মনা ও সাধারণ সম্পাদক পদে রিপন কুমার সূত্রধর নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ( ১৪ মে) জেলা শহরের কাউতুলীতে সমিতির কার্যালয়ে ভোটারদের ভোট প্রয়োগের পর নির্বাচন শেষ হলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ কবীর ফারুক এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে, একই পদে ২০২৪-২৬ মেয়াদে তারা দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায়, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধর প্যানেল (যেখানে প্রার্থী ছিলেন মোট ৯ জন) এবং অন্যটি মোস্তাকিম মিয়া ও শামসুল আরেফিন মুবিন প্যানেল (যেখানে প্রার্থী ছিলেন মোট ৬ জন )।
নির্বাচনের ফলাফলে মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাকিম মিয়া পান ১৭ ভোট। অন্যদিকে রিপন কুমার সূত্রধর ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পরিবর্তে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আরেফিন মুবিন পান ২৬ ভোট। এছাড়া মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে মোঃ মনজুরুল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক পদে, সপু চন্দ্র দাস কোষাধ্যক্ষ পদে, বাহাউদ্দিন মাহমুদ পলাশ, মোঃ আরিফুল ইসলাম ও সমর সিংহ (সদস্য পদে) নির্বাচিত হন। এর পাশাপাশি কোনো প্রার্থী না থাকায় এই প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মহিতোষ রায় এবং সহ-সভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।