ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ফ্রস্টিক্স এসি ফ্রিজ টেকনিক্যাল ও প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যায় শহরের পাওয়ার হাউজ রোডে (সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে) আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক ব্যক্তিত্ব আফজালুর রহমান রিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি রমজান মোল্লা, ‘খান প্রেস’-এর স্বত্বাধিকারী মো. আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. তারেক সওদাগর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আরিফ চৌধুরী এবং ট্রেইনার ও সহ-ব্যবস্থাপক সারোয়ার আলম ফুয়াদ। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন আবদুল মতিন শিপন।
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ট্রেইনার ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আরিফ চৌধুরী জানান, যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখা, বেকার তরুণদের কর্মমুখী কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ফ্রস্টিক্সের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটিতে বিভিন্ন মেয়াদের ব্যবহারিক কারিগরি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিদেশগামীদের জন্য বিশেষভাবে তৈরি স্বল্পমেয়াদি বিশেষ কোর্স চালু রাখা হয়েছে, যাতে তারা বিদেশে গিয়ে দক্ষ টেকনিশিয়ান হিসেবে ভালো কর্মসংস্থান পান। বাস্তবমুখী প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের এসি ও ফ্রিজ সার্ভিসিংয়ের সার্বিক কাজে দক্ষ করে তোলা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে এখান থেকে কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ দেশের অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছেন, আবার কেউ কেউ নিজেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। এর মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা নিজেদের স্বাবলম্বী করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সক্ষম হচ্ছেন।
উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফ্রস্টিক্স ট্রেনিং সেন্টারটি ব্রাহ্মণবাড়িয়ার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এবং স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।