স্কুলছাত্র আটক ও সরকারি কাজে বাধা প্রদান মামলার ১জন পলাতক আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 28 December 2025, 128 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে নরসিংদীতে স্কুলছাত্র আটক ও সরকারি কাজে বাধা প্রদান মামলার ১জন পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উত্তর চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। ভিকটিমের মাতা নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এসে অভিযোগ করেন যে, গত ১১ এপ্রিল অনুমান রাত ২২.৩০ ঘটিকা হতে তার ছেলে রিফাত (১৭) কে বিবাদীগণ একজনের বাড়িতে আটক করে রেখেছে। এ অভিযোগের প্রেক্ষিতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গত ১২ এপ্রিল আনুমানিক সকাল ৯.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে
পৌঁছে ভিকটিমকে ঘরের ভিতর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পুলিশ ঘটনার বিষয়ে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদ
করলে জানতে পারে যে, ভিকটিম তার প্রেমিকার সাথে দেখা করতে আসলে এজাহানামীয় বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে আটক করে রেখেছে। অতঃপর পুলিশ স্থানীয় গণ্যমান্য লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার
করার সময় এজাহানামীয় বিবাদীগণসহ অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে
হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের উপর হামলা করলে ১জন পুলিশ সদস্য গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ভিকটিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদীর মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গত ২৭ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা আখাউড়া
বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদীর মনোহরদী থানার মামলা নং- ০৬, পেনাল কোড ১৮৬০; এর মূলে নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রকে বেআইনিভাবে আটক ও সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা প্রদান মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – আলামিন (২৮), পিতা- করম আলী, চরমান্দালিয়া, মনোহরদী, নরসিংদী।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।