ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশাচালক ও নারী নিহত, আহত শিশুসহ ২

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2026, 1 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী ও দেড় বছর বয়সী শিশুসন্তান আহত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫) এবং সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে যুথী আক্তার (২২)। যুথী স্বামী ও সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় তাঁর স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশুসন্তান জায়ান আহমেদ আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ঘাটুরার দিকে যাচ্ছিল। পথে পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা দম্পতি ও তাঁদের শিশুসন্তানসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক যুথী আক্তারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর অটোরিকশাচালক জয়নাল আবেদীনও মারা যান। আহত জাকির হোসেন ও শিশু জায়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।

এব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।