মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক তিনটি বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন সকালে শহরের মেড্ডা এলাকায় মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে ওই মিছিলে রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। এ সময় তাকে জাতীয় পতাকা হাতে দেখা যায়। পরবর্তীতে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, মোকারম হোসেন আদিসহ বিভিন্ন নেতার নেতৃত্বে পৃথক তিনটি মিছিল বের করা হয়। একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনূর রহমান বলেন, ছাত্রলীগের কিছু টোকাই মিছিল করেছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
’
এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে একাধিক মিছিল করা হয়েছে।
অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসী কার্যক্রম আইনে ২৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাত (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানার পুলিশ অভিযান শুরু করে। রাতেই সদর মডেল থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত আকস্মিক ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম আইনে মামলা দায়ের করা হয়েছে।