নাসিরনগরে ‘জিতু মেম্বার’ হত্যা মামলায় জড়িত ৪ জন আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 4 February 2026, 68 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘জিতু মেম্বার’ হত্যা মামলায় জড়িত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম জিতু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার বাসিন্দা। ভিকটিম প্রাক্তন মেম্বার হিসাবে বিবাদীদের অপকর্মের প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে হত্যার ষড়যন্ত্র করে সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে গত ১২/০১/২০২৬ খ্রি. আনুমানিক রাত ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম ধরমন্ডল বাজারে যাওয়ার পথে অটো স্ট্যান্ডের নিকট গেলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমকে জিম্মি করে জোরপূর্বক হত্যার উদ্দেশ্যে অপহরণ করে বিবাদী আলমগীরের মার্কেটের সামনে রাস্তার পাশে নিয়ে যায় এবং অন্যান্য বিবাদীরাও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে বসা ছিল। অতঃপর বিবাদী ফরহাদ হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে তার হাতে থাকা পিকল দিয়ে ভিকটিমের ডান চোখের উপরের অংশে রক্তাক্ত জখম করে এবং অন্যান্য বিবাদীরাও তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করলে ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে বিবাদীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে
বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায়
আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার ৪ ফেব্রুয়ারি আনুমানিক রাত ২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুধন্তি এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরনগর থানার মামলা নং-১৩, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে জিতুমেম্বার হত্যা মামলার এজাহারনামীয় ২ জন এবং
তদন্তে প্রাপ্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন – মোঃ তাহের মিয়া (৫০), নসাই মিয়া (৫৫), উভয় পিতা- মৃত নান্নু মিয়া, নাসির মিয়া (২২), পিতা- মোঃ তাহের মিয়া এবং মোঃ রাকিবুল ইসলাম প্রকাশ রাহিমুল ইসলাম(২৪) সর্ব ধরমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা
হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।