অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক কিংবা চোরাচালানীদের কোন জায়গা নেই এবং যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে তারাই বিএনপিতে থাকবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এবছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আইনবিদ হবে। এসব শিক্ষার্থীরা যেন মাদকে জড়িয়ে পড়তে না পারে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরও মাদক থেকে দূরে থাকতে বলেন।
আলোচনা সভা শুরু হওয়ার আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল মিছিলে সভাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান দিবসের কর্মসূচির আলোকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা মুক্ত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সদস্য হানিফ খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: সানাউল্লাহ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির। উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, যুবদল নেতা সাহিদুল খাঁ, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কসবা উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করেন।