কসবায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫–২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৮টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৯ সেট এলএলপি ও ৫০০ মিটার ফিতা পাইপ, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ২৩টি হ্যান্ড স্প্রেয়ার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিকাজকে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। সভাপতি বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতেই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।
এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।