শেখ ফাহিম ফয়সাল : সোনালী ব্যাংক পিএলসি, কসবা শাখার উদ্যোগে কসবা পৌর সদরের ৪টি কলেজ ও বিদ্যালয়ের সাথে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ (SPG) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো: ছানাউল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবদুল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম মো. আক্তার হোসেন, সহকারী অধ্যাপক শেখ মো কামাল উদ্দিন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: তসলিম মিয়া, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন খন্দকার, সিনিয়র শিক্ষক মো. মনির হোসেন আখন্দ, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন এবং কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সুবিধার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই অনলাইনে ও ব্যাংকের মাধ্যমে সহজেই তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমবে এবং প্রতিষ্ঠানের যাবতীয় পাওনা সরাসরি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় ছিলেন আইটি কর্মকর্তাগণ।
সভাপতি ব্যাংক ম্যানেজার মো: ছানাউল হক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাফিজ উদ্দিন এবং শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. সাঈদুর রহমান।