ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে এসিজি ও পৌরসভার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 August 2026, 2 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া : সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি-পরিবেশ)-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে পৌর কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের যানজট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা উঠে আসে।

​অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিয়ন্ত্রণে খুব শীঘ্রই ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হবে।

৪নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিজস্ব জনবল ও যানবাহনের মাধ্যমে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি পয়েন্টে জমা করবে। সেখান থেকে পৌরসভা বর্জ্য ডাম্পিং ফিল্ডে নিয়ে যাবে।

সনাকের সুপারিশে পাইকপাড়া বান্নিঘাটে বড় ২টি ময়লার বিন স্থাপন করা হয়েছে। বিন ভরে গেলে যোগাযোগের ভিত্তিতে পৌরসভার বর্জ্য সংগ্রহের ব্যবস্থা থাকবে। শহরজুড়ে ২২টি ড্রেন সংস্কার ও নির্মাণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মধ্যপাড়া শান্তিবাগে খাল দখলমুক্তকরণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনে স্লাব নির্মাণ এবং গিরিধারী মন্দির সংলগ্ন পুকুর পরিষ্কারসহ বাথরুমের সংযোগ বিচ্ছিন্নকরণ ও রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

প্রধান অতিথি পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম খাল ও পুকুর দখল, ড্রেনে ময়লা ফেলা এবং অবৈধ অটোরিকশার সৃষ্টি করা চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সনাক সভাপতি জয়দুল হোসেন পৌরসভার সাম্প্রতিক দৃশ্যমান উন্নয়ন কাজের প্রশংসা করেন এবং সনাক সদস্য মো. আরজু মিয়া নাগরিক দুর্ভোগ লাঘবে পৌরসভার সাথে তথ্য আদান-প্রদানের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন। শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ (মো. মোক্তার হোসেন, সনাক সদস্য)। খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা (শামীম আহমেদ, আহ্বায়ক, তরী বাংলাদেশ)। মধ্যপাড়া ও গিরিধারী মন্দির এলাকার সমস্যা সমাধান এবং মহিলাদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণ (অলি আহাদ রতন ও নুসরাত জাহান বুশরা, এসিজি পরিবেশ)। সাবেরা সোবহান স্কুল থেকে রেলওয়ে স্টেশন এবং শান্তিবাগ রাস্তার জরুরি সংস্কার (এলাকাবাসী ও সাধারণ নাগরিকগণ)।

​সনাক ও এসিজি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান।