নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। তারুণ্যের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে এই কমিটির মাধ্যমে আসনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়ীয়া-২ সংসদীয় আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক অংশ) এর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং বৃহত্তর তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা বনি আমিন-কে।
গতকাল ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল প্যাডে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্বপ্রাপ্তির পর তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ)-এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করবেন।
এ বিষয়ে বনি আমিন বলেন,“দীর্ঘ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে সক্রিয় রয়েছি। রাজপথই আমাদের ঠিকানা। তাই মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের কোনো বেগ পেতে হবে না, ইনশাআল্লাহ। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় টিম নিয়ে আমরা দেশনেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে খেজুরগাছ মার্কায় ভোট প্রার্থনা করে জনগণের কাছে পৌঁছাতে পারব।
তিনি আরও বলেন,“আমাদের আচরণ ও কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে দেশনায়কের আগামী দিনের স্বপ্ন, লক্ষ্য ও বাস্তবতা তুলে ধরব। জনগণ ভোটের মাধ্যমে জোট প্রার্থীকে বিজয়ী করে দেশনেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখি। সকলের সহযোগিতা কামনা করছি।ইন শা আল্লাহ আমরা বিজয় নিয়ে ঢাকা ফিরবো।
উল্লেখ্য, বনি আমিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৃতি সন্তান।