শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান এলপি গ্যাস সংকটে চরম আকার ধারণ করে। হঠাৎ করে গ্যাসের মূল্য বৃদ্ধি ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়।
এ সংকট নিরসনে কসবা উপজেলা প্রশাসনের সক্রিয় ভূমিকায় স্থানীয় এলপি গ্যাস ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্টগণ জানান, ডিপো থেকে পর্যাপ্ত এলপি গ্যাস সরবরাহ না পাওয়ায় এ সংকটের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম উচ্চ পর্যায়ের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁর তাৎক্ষণিক উদ্যোগে কসবায় পর্যাপ্ত এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ থেকে খুচরা পর্যায়ে গ্রাহকদের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার ১৪০০ টাকা নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম জানান, দু’য়েক দিনের মধ্যেই কসবায় এলপি গ্যাসের সংকট পুরোপুরি কেটে যাবে বলে আমরা আশাবাদী। ডিলারদের ১২ কেজি সিলিন্ডার ১৩৫০ টাকা এবং খুচরা ব্যবসায়ীদের ১৪০০ টাকা মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত মূল্যের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীরা। খুব শিগগিরই কসবায় এলপি গ্যাসের বাজার সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী।