মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণে প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন কার্যত মৃত হয়ে আছে। বর্তমানে শহরের বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁর আবর্জনা ফেলার ডাম্পিং লাইনে পরিণত হয়ে আছে। খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে ভরা বর্ষায়ও পানির দেখা মেলে না। তবে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে টাউন খালে পুনঃখনন কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এই পুনঃখননের কাজ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উদ্বোধনের পর বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের পুনঃখননের কাজ তাদের পরিকল্পনা মতো করতে পারলে আধুনিক ও যুগোপযোগী শহরে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন তিনি। একইসাথে টাউন খালের দুই ধারে সিসি ক্যামেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, তরী বাংলাদেশ আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানাসহ জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।