মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার যেন শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ায়। প্রতি বিশ্বকাপেই জেলার বিভিন্ন স্থানে দেখা যায় ব্যতিক্রমী সব আয়োজন। কখনো পুরো বাড়ি রঙ করা হয় প্রিয় দলের পতাকার আদলে, কখনো তৈরি হয় বিশাল আকৃতির পতাকা। ফুটবলপ্রেমীদের এমন অভিনব উদ্যোগ দেশজুড়েই আলোচনার জন্ম দেয়।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হয়েছিল আলোচিত ‘ব্রাজিল বাড়ি’। পুরো বাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছিল। এছাড়া কয়েক কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি এবং প্রিয় দল পরিবর্তন করে সৌদি আরবের সমর্থনে ৫০০ ফুট দীর্ঘ পতাকা তৈরির ঘটনাও ব্যাপক আলোচনায় আসে। এবার সেই ফুটবল উন্মাদনায় যুক্ত হয়েছে নতুন এক আয়োজন ‘ব্রাজিল চুড়ি’।
ব্রাজিলের জাতীয় পতাকার রঙ ও নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে বিশেষ এই চুড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘MysteriouS Flame’ নামের একটি ফেসবুক আইডি থেকে চুড়িগুলোর ছবি প্রকাশ করা হলে তা ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টে উল্লেখ করা হয়, “এগুলো ব্রাজিল ফ্যানদের জন্য। কেউ নিতে চাইলে ইনবক্স করুন।”
খোঁজ নিয়ে জানা যায়, ওই আইডির স্বত্বাধিকারী নাহিদা আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার বাসিন্দা। তিনি নিজেও একজন ব্রাজিল সমর্থক। সাধারণত বিভিন্ন ধরনের হস্তনির্মিত উপহারসামগ্রী তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিক্রি করেন।
নাহিদা আহমেদ জানান, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মানুষের আগ্রহ ও আবেগের কথা চিন্তা করেই তিনি ব্রাজিলের পতাকার আদলে এই বিশেষ চুড়ি তৈরি করেছেন। ব্রাজিল সমর্থকদের কাছে এটি একটি স্মারক বা উপহার হিসেবে ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাসকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক সৃজনশীল আয়োজন যেন নতুন মাত্রা যোগ করছে ফুটবলপ্রেমীদের আবেগে।