কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া, 3 July 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সারা দেশের সঙ্গে একযোগে ভার্চুয়ালি নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমাদ চৌধুরী ও বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আইয়ুম খান, বিএনপি নেত্রী লুৎফুন নাহার রীনা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী এবং বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্যকর্ম ও সংগীত বাঙালির চেতনা, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে আজও অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কসবা শাখা ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।