নিজস্ব প্রতিবেদক : ‘Shipu Shipon’ নামে পরিচিত সারাবাংলা.নেট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আবদুল মতিন শিপনের ফেসবুক আইডিটি হ্যাকিংয়ের কবলে পড়েছে। গত ২৬ ডিসেম্বর, শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হ্যাক হওয়ার পর থেকে ওই ফেসবুক আইডি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা।
এ বিষয়ে আবদুল মতিন শিপন জানান, তার ফেসবুক আইডির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা সহযোগিতা চাওয়ার বিষয়ে তিনি জড়িত নন। তিনি সবাইকে প্রতারক চক্রের ফাঁদে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে বলে তিনি মনে করেন।
এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আবদুল মতিন শিপন জানান, হ্যাকিং ও প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।